২০১০ সালে থিয়েটার আরামবাগে যোগ দিয়ে অভিনয় জীবন শুরু করেন আনন্দ খালেদ। ঠিক দুই বছর পর টেলিভিশনে অভিনয় শুরু তার। এখন পর্যন্ত অভিনয় করেছেন প্রায় ৩০০ নাটকে। চলচ্চিত্রেও দেখা গেছে। এখন তিনি জনপ্রিয় অভিনেতাদের একজন। তবে নানা মাধ্যমে কাজ করা হলেও আগে কখনো গান গাননি। এবার সেটাও হলো। গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন আনন্দ খালেদ। প্রকাশ পেয়েছে তার প্রথম মৌলিক গান ‘স্বপ্নে কেন আসো না’। গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটি প্রকাশ পেয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।
কদিন আগে কক্সবাজারের বিভিন্ন জায়গায় হয়েছে গানটির শুটিং। ভিডিও নির্মাণ করেছেন নাহিদ উজ জামান।
আনন্দ খালেদ বলেন, ‘আমি ছোটবেলায় গান শিখেছি। বিশেষ করে ক্ল্যাসিক্যাল মিউজিক। মাঝে মধ্যেই বিভিন্ন গান কাভার করতাম। সেগুলো ফেসবুকে দেওয়ার পর অনেকেই প্রশংসা করেন। তারপর মনে হলো, নিজের একটা গান হোক। অনেক দিন ধরে সেই চেষ্টা করছিলাম। কিন্তু মনের মতো গান মাথায় আসছিল না। এবার এলো বলেই গানটি করা।’
তিনি আরও বলেন, ‘মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে । তারপরও যখন কেউ বলে যে, গানটি শুনে আনন্দ পেয়েছে, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়।’
