ইতালির হকি লিগ মাতাচ্ছেন বাংলাদেশের প্রিন্স

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১১:৫৮ পিএম

হতে চেয়েছিলেন ফুটবলার। পাইওনিয়ার ফুটবল লিগ হয়ে তৃতীয় বিভাগে খেলারও সুযোগ পান। পুরান ঢাকায় বেড়ে ওঠা বলেই কিনা প্রিন্স লাল সামন্দ দূরে থাকতে পারেননি হকি থেকেও। তবে শখ হিসেবে নিয়েছিলেন খেলাটা। সেই শখের হকিটাই একটা সময় হতে যায় প্রিন্সের এগিয়ে চলার অবলম্বন।

বিকেএসপিতে বেড়ে ওঠা ১৯ বছরের তরুণ এখন যেমন খেলছেন ইতালির হকি লিগে। দেশটির সিরি আ-২ চ্যাম্পিয়নশিপের দল পিস্তোইয়ার হয়ে খেলছেন প্রিন্স। দুদিন আগেই তার দল নিজেদের প্রথম ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নিয়েছে। কুসকিউবে ব্রেসিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেন এই মিডফিল্ডার। সতীর্থদের দুটি গোলে অবদান তার।

লিগে খেলতে ১০ মার্চ ইতালিতে যান প্রিন্স। জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টই খেলবেন প্রিন্স।

প্রথমবার বিদেশের লিগে খেলতে পেরে দারুণ রোমাঞ্চিত প্রিন্স। ইতালিতে থেকে ফেইসবুক মেসেঞ্জারে বলছিলেন, ‘খুব ভালো লাগছে। আমার সব সময় নতুন কিছু শিখতে মজা লাগে। ওদের এখানে এসে অনেক কিছু শিখতে পারছি।’

এশিয়ান হকি আর ইউরোপিয়ান হকির মাঝে পার্থক্য রয়েছে। তবে প্রিন্সের তাতে মানিয়ে নিতে সমস্যা হয়নি, ‘করোনার জন্য দুটি ম্যাচ বাতিল হয়েছিল। তাই আমি সময় পেয়েছি। যা আমার জন্য বেশ ভালো হয়েছে। তাই এখন অনেকটা মানিয়ে নিয়েছি।’

ক্লাব ও সতীর্থদের থেকে বেশ সমাদরও পাচ্ছেন, ‘ওরাও খুব সম্মান করছে। আমাদের এশিয়ান স্কিলকে ওরা অনেক সম্মান করে। ওরা বলে এশিয়ান খেলোয়াড়দের পারসোনাল স্কিল খুব ভালো হয়।’

‘আমার জন্য খুব ভালো (ইতালিতে খেলা)। যত বেশি খেলতে পারব, তাদের খেলার ধরন আয়ত্ত করতে পারব।’- যোগ করেন প্রিন্স।

বিকেএসপিতে অধ্যয়নরত অবস্থায় ২০১৬ সালে প্রিমিয়ার লিগে অভিষেক হয় প্রিন্সের। খেলেন ঢাকা ওয়ান্ডারার্সের জার্সিতে। ২০১৮ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগ খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। সে বছর আর্জেন্টিনায় অনুষ্ঠিত যুব অলিম্পিকে খেলেন। থাইল্যান্ডে যুব অলিম্পিকের বাছাইয়ে করেন ৮ গোল।

বাংলাদেশের সেই দলটার দায়িত্বে ছিলেন মালয়েশিয়ার কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। যিনি এখন বিকেএসপিতে কাজ করছেন। তার মাধ্যমেই ইতালিতে খেলার সুযোগ আসে প্রিন্সের। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে আরো শাণিত করতে চান এই তরুণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত