বরগুনার বামনা উপজেলার বামনা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সোহেল সিকদারসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পুলিশ বাদী হয়ে ২০ জনের নামোল্লেখসহ আরও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে বামনা থানায় মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২০ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বামনা থানার ওসি হাবিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, অবৈধ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য ব্যবহার, সংঘবদ্ধ হয়ে ত্রাস সৃষ্টি করে জনমনে ভীতি ছড়ানোসহ আসামিদের বিরুদ্ধে মামলায় বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত বুধবার দুপুর ২টার দিকে বামনা-পাথরঘাটা সড়কের সোনাখালী বাজারে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির ও স্বতন্ত্র (ঘোড়া) প্রার্থী সোহেল সিকদারের সমর্থকদের মধ্যে প্রায় চার ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ এবং গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।
