পটুয়াখালীর দুমকি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে স্বামীর বিপক্ষে প্রার্থী হয়েছেন তার স্ত্রী। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পরপর ছয়বারের নির্বাচিত সদস্য (মেম্বার) মো. আমিনুল ইসলাম বারেকের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন তার স্ত্রী সানজিদা ইসলাম কহিনূর। যদিও বারেক বলছেন, অনেক আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে কহিনূরের দাবি, ছাড়াছাড়ি এখনো হয়নি। বিষয়টি নিয়ে মামলা চলছে।
জানা যায়, মোরগ প্রতীক নিয়ে সপ্তমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বারেক মেম্বার। আর আপেল প্রতীক নিয়ে তার (স্বামীর) প্রতিদ্বন্দ্বী হয়েছেন কহিনূর। একই ওয়ার্ডে স্বামীর বিপক্ষে স্ত্রীর প্রার্থী হওয়ায় এ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বারেক বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ভালো কাজ করেছি এবং সাধারণ মানুষের পাশে ছিলাম বলেই মানুষ আমাকে পরপর ছয়বার নির্বাচিত করেছেন।’ এবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। তার বিরুদ্ধে স্ত্রীর প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে বললেন, ‘উনি এখন আর আমার স্ত্রী নন। অনেক আগেই তাকে ত্যাগ করেছি। সেই ক্ষোভে আমাকে সামাজিকভাবে হেয় করতে প্রার্থী হয়েছেন।’
অন্যদিকে কহিনূর বলেন, ‘আমাদের এখনো ছাড়াছাড়ি হয়নি। বিষয়টি নিয়ে মামলা-মোকাদ্দমা চলছে। আর জনসমর্থন যাচাই করতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। এলাকায় ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছি।’
