ওড়াকান্দি স্নানোৎসব ও বারুণী মেলা হচ্ছে না

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০৪:২৫ পিএম

দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এবারও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি স্নানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে না।

করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়াতে ওড়াকান্দি স্নানোৎসব ও বারুণী মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি মোকাবেলায় আয়োজিত জরুরি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও রথীন্দ্রনাথ রায় বিষয়টি জানিয়েছেন।

ঐতিহ্যবাহী স্নানোৎসব ও বারুণী মেলা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতবছরও করোনাভাইরাসের কারণে স্নানোৎসব ও বারুনী মেলা হয়নি।

২০০ বছরের অধিক সময় ধরে শ্রী-শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে তিন দিনব্যাপী স্নানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত আসছে। এ স্নানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লাখ-লাখ পূর্ণার্থীর আগমন ঘটে। হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায়ের এ মিলন মেলায় লাখো ভক্তের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা ঠাকুর বাড়ি।

এটি হিন্দু সম্প্রদায়ের একটি অন্যতম তীর্থস্থান। গত ২৭ মার্চ এ তীর্থভূমি ঘুরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত