হোটেলে কোয়ারেন্টাইনে থাকা নারীকে উত্ত্যক্তের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:১০ পিএম

সিলেট নগরীর একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীকে (৩৫) উত্ত্যক্তের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শুক্রবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে আটক ওই কর্মচারীকে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রাতেই ওই হোটেলের কর্মচারী শাহিন আহমদকে (৩০) আটক করা হয়। 

কোতোয়ালি থানার ওসি আবু ফরহাদ মামলার বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে সিলেটে আসা ৮৩ জন যাত্রীকে নগরীর নির্ধারিত হোটেলগুলোতে কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়। এর মধ্যে ৬ জনকে রাখা হয় নগরীর দরগা গেইটের নুরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলে। এই ৬ জনের মধ্যে ওই নারীও ছিলেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, হোটেলে ওঠার পর কর্মচারী শাহিন আহমদ  বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই নারীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে শাহিন ওই নারীর কক্ষে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই নারী তার এক আত্মীয়কে বিষয়টি জানান। ওই আত্মীয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলের অভ্যর্থনা কক্ষে গিয়ে বিষয়টি অবহিত করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে হোটেলের কর্মচারী শাহিনকে আটক করে।

প্রবাসী নারীর দায়েরকৃত মামলায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

এ ব্যাপারে নুরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলের মালিক নাসিম আহমদ জানান, তাদের হোটেলে যে ব্যবস্থাপনা রয়েছে, সেখানে এ রকম ঘটনার কোন সুযোগ নেই। অভিযুক্ত কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে সুষ্ঠু তদন্তে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত