মুক্তাগাছায় কিশোর, মোল্লাহাটে বৃদ্ধ ও শ্রীমঙ্গলে গৃহবধূ খুন

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:৪৭ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষে এক কিশোর খুন হয়েছে। বাগেরহাটের মোল্লাহাটে একপক্ষের পালিত কবুতর অন্যপক্ষের বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন বৃদ্ধ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে উদ্ধার করা হয়েছে ব্যবসায়ীর মরদেহ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ময়মনসিংহ : মুক্তাগাছায় সংঘর্ষে বিজয় সাহা (১৬) নামে একজন খুন হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর শহরের জমিদার বাড়ির সামনের মাঠে দুই গ্র“পের এই সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বিজয় সাহা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দড়ি চারানী বাজার এলাকার লিটন সাহার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেল চালানোর সময় আবির ও মিম নামে কিশোরের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয় বিজয় সাহার। এরই জের ধরে রাত ১১টার দিকে জমিদার বাড়ির সামনের মাঠে দুই গ্র“পের সংঘর্ষের ঘটনায় মারা যায় বিজয়।

বাগেরহাট : মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আসাদ শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এ সময় ১৫-২০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। গত বৃহস্পতিবার রাতে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসাদ শেখ চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. সাফিন মাহমুদ গতকাল শুক্রবার সকালে এই প্রতিবেদককে বলেন, চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের মামুন শেখ ও কিবরিয়া শরীফের মধ্যে পূর্ব বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের এক পক্ষের কবুতর উড়ে অন্যপক্ষের বাড়িতে যায়। অন্যপক্ষের বাড়িতে কবুতর যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মৌলভীবাজার : শ্রীমঙ্গলে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সুরভী আবাসিক এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শাহীমা আক্তার (১৯)। স্ত্রী খুনের অভিযোগে স্বামী মাসুম মিয়াকে (২৪) আটক করেছে পুলিশ। শাহীমা আক্তার (১৯) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের মেয়ে। পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মাসুম ছুরি দিয়ে আঘাত করে শাহীমাকে খুন করে বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে নিজাম উদ্দিন (৭০) নামে এক ফিড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজার এলাকায় তার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত