হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

১১৬০ গ্রাম সোনাসহ বিমানের কর্মচারী আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১২:২৫ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ১৬০ গ্রাম সোনাসহ ঝন্টু চন্দ্র বর্মণ নামে বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফট টেকনিশিয়ান সহকারী হিসেবে কর্মরত। গতকাল শুক্রবার দুপুরে বিমানের একটি ফ্লাইটের সিটের হাতল থেকে সোনার বারগুলো বের করে দেন ঝন্টু।

ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তা (এআরও) শফিকুল ইসলাম রাসেল জানান, গতকাল দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৫০৪৬) ঢাকায় আসে। ওই এয়ারক্রাফটের সিটের নিচে সোনার বারগুলো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের ভেতর থাকা এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার ঝন্টু চন্দ্র বর্মণকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি বিমানে ও তার কাছে সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিমানের ২১/সি সিটের হাতলের ভেতর বেশ কিছু সোনার বার লুকানো আছে। পরে হাতলের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

কাস্টম হাউজ জানায়, ঝন্টুর সহকারীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত