ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য গেল ২২ মার্চ থেকে বিরতি ছিল ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। আজ থেকে সেগুলো আবার শুরু হচ্ছে। লা লিগা অবশ্য গতকালই শুরু হয়েছে (লেভান্তে-হুয়েস্কার ম্যাচ দিয়ে)। আজ, কাল, পরশু মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা। শীর্ষ পাঁচ লিগের কোনো দলের খেলা বাকি ৮ ম্যাচ, তো কারও ৭টি। এগুলোর মধ্যেই নির্ধারিত হবে শিরোপা।
লা লিগায় শীর্ষ ৩’র তুমুল লড়াই
স্প্যানিশ লিগের শিরোপার দৌড়ে এখনই কোনো দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। ২৮ ম্যাচ শেষে শীর্ষ তিনে আছে যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ (৬৬), বার্সেলোনা (৬২), রিয়াল মাদ্রিদ (৬০)। প্রত্যেকের ১০টি করে ম্যাচ বাকি। গেল মৌসুমে করোনার কারণে খেলা স্থগিত ছিল প্রায় তিন মাসের মতো। এরপর লিগ মাঠে গড়ালে দুর্দান্ত খেলে শিরোপা জেতে রিয়াল। আজ সেই রিয়ালের খেলা এইবারের সঙ্গে। বাঁ পায়ের পেশিতে চোট পাওয়ায় এ ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক সার্জিও রামোস। এমনকি মঙ্গলবার নিজেদের মাঠে লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এবং ১১ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’তেও অনিশ্চিত তিনি। বার্সেলোনার বাকি ১০ ম্যাচের মধ্যে রিয়াল ছাড়াও খেলতে হবে আপাতত শীর্ষের আতলেতিকো মাদ্রিদের সঙ্গে। আতলেতিকো একটা সময় বড় ব্যবধানে এগিয়ে থাকলেও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। লিগে শেষ দশ ম্যাচে ড্র করেছে চারটিতে। হার একটি। তাই লা লিগার শিরোপা শেষ পর্যন্ত কার ঘরে যায় সেটি সময়ই বলে দেবে।
এগিয়ে ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যাম বাদে বাকি সব দলের ৯টি করে ম্যাচ বাকি। ম্যানসিটি ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে খুব কাছের ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে (ম্যানইউ খেলেছে ২৯ ম্যাচ)। শিরোপা পুনরুদ্ধারে বাকি ৮ ম্যাচের পাঁচটিতে জিতলেই হয় সিটির। যদি ম্যানইউ আর ৫৬ পয়েন্টে তৃতীয় স্থানে থাকা লেস্টার পয়েন্ট হারায়, আর সিটি জয়ের ধারা অব্যাহত রাখে, তবে আরও আগেই শিরোপা নিশ্চিত হবে পেপ গার্দিওলার দলের। আজ লেস্টারের মাঠে খেলবে ম্যানসিটি। এমিরেটসে আর্সেনালের বিপক্ষে পরীক্ষা ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের। গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের এখন লক্ষ্য প্রথম চারে থাকা। ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত সাত নম্বরে আছে তারা।
এবার পারবে জুভেন্তাস?
টানা নয়বারের সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্তাস এবার শিরোপা ধরে রাখতে পারবে কিনা সে এক প্রশ্ন। ২৭ ম্যাচে ৫৫ পয়েন্টে তিনে আছে তারা। শীর্ষে থাকা ইন্তার মিলানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে তারা (একটি ম্যাচ কম খেলে)। বাকি ১১ ম্যাচে অবশ্য বদলে যেতে পারে অনেক হিসাব। আজ নগর প্রতিদ্বন্দ্বী তুরিনোর সঙ্গে খেলা তাদের। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে বেনেভেনতোর কাছে ১-০তে হেরেছিল জুভেন্তাস। অন্যদিকে শীর্ষের ইন্তার টানা ৮ ম্যাচে অপরাজিত। আজ তারা খেলবে বোলোনিয়ার সঙ্গে। এসি মিলানও আছে দৌড়ে। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্টে দুইয়ে তারা।
মূল লড়াই বায়ার্ন-লাইপজিগের
বুন্দেসলিগায়ও সবার বাকি ৮টি করে ম্যাচ। ২৬ ম্যাচে ৬১ পয়েন্টে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তাদের থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়তে লাইপজিগ। তৃতীয় স্থানে থাকা উলভসবুর্গের পয়েন্ট ৫১। আজ লাইপজিগ তাদের মাঠে আতিথেয়তা দেবে বায়ার্নকে। এই ম্যাচের ফল শিরোপা লড়াইয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন পাবে না রবার্ট লেভানডোস্কিকে। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি।
ফরাসি লিগ শেষ হবে তো!
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এক মাসের কড়া লকডাউনের সিদ্ধান্ত দিয়েছে ফ্রান্স সরকার। তাই আবারও লিগ শেষ হওয়া নিয়ে অনেকের মনেই দেখা দিয়েছে শঙ্কা। ২০১৯-২০ লিগ মৌসুম গত বছরের মার্চে স্থগিত হয়েছিল। পরে শীর্ষে থাকা দল পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে মৌসুম শেষ করা হয়। এতে বেশ সমালোচিত হয়েছিল লিগ কর্র্তৃপক্ষ। এবারের লিগে এখন সব দলের বাকি ৮টি করে ম্যাচ। ৬৩ পয়েন্ট নিয়ে পিএসজি ও লিলে গোল পার্থক্যে ১ ও ২-এ। তিন পয়েন্ট পিছিয়ে লিওঁ তিনে। ৫৯ পয়েন্ট নিয়ে মোনাকে চারে। আজ পিএসজি ও লিলের ম্যাচ।
