‘তাণ্ডবে জড়িত’ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দাবি শেখ সেলিমের

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০৪:৩৬ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, হেফাজতের জঙ্গিরা যেসব মাদ্রাসা থেকে বের হয়ে তাণ্ডব চালিয়েছে সেসব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে।

শনিবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীকে কঠোর হওয়ারও অনুরোধ করেন এই সংসদ সদস্য।

শেখ সেলিম বলেন, যারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে তাণ্ডব চালায়, যারা এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারে না, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নাই। তাদের মনে রাখতে হবে এটা তালেবান (আফগানিস্তান) বা পাকিস্তান রাষ্ট্র নয়। সন্ত্রাসী, জঙ্গিদের বাংলার মাটিতে কোনো স্থান নেই।

তিনি বলেন, সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বাধীন দেশে এভাবে চলতে পারে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জন্য অনেক কিছু সহ্য করে গেছি আর কোনো কিছু সহ্য করা হবে না।

আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, সেই শক্তি এই সুন্দর অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ তাণ্ডব চালিয়েছে।

তিনি বলেন, হেফাজতে ইসলাম আসলে ইসলাম বিরোধী। ইসলাম কেবল হেফাজত করতে পারে আল্লাহ। জঙ্গিদের দ্বারা ইসলাম হেফাজত হতে পারে না।

শেখ সেলিম বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে দরকার হলে ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে তাদের বিচার করতে হবে।

তিনি বলেন, হেফাজতের জঙ্গিরা যেসব মাদ্রাসা থেকে বের হয়ে, এসব কর্মকাণ্ড চালিয়েছে সেসব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে।

শেখ সেলিম বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের জঙ্গি, সন্ত্রাসীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, অতিসত্বর সেই মামলা তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত