এখন ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ‘চান না’ ইমরান খান

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০৫:১৩ পিএম

এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক চালু করতে চান না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি পাক মন্ত্রিসভার বৈঠকে ভারত থেকে তুলা আর চিনি আমদানি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তারপর কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীকে বিকল্প আমদানি সূত্র খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন তিনি।

দ্য ডন জানিয়েছে, এর আগে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি চাহিদা মেনে ভারত থেকে তুলা-চিনি আমদানির সুপারিশ পাঠিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত সিলমোহরের অপেক্ষায় ছিল সেই সুপারিশ। সেটাই শুক্রবার খারিজ করেছে পাক মন্ত্রিসভা।

এদিকে গত মাসে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য এগিয়ে আসেন দেশটির সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া।

পাক সেনাপ্রধান বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল বিষয় কাশ্মীর। শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর বিবাদের সমাধান না হলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সংশয় থেকে যাবে। আমরা মনে করছি অতীতকে ভুলে যাওয়ার সময় এসেছে। প্রতিবেশী হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে অতীত ভুলে।’

যদিও গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওই একই অনুষ্ঠানে বলেছিলেন যে ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে পাকিস্তান। তবে শান্তি ফেরানোর বিষয় প্রথম পদক্ষেপ ভারতকেই নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত