দুর্নীতির কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: বিএনপি

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০৬:২৬ পিএম

করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলাকালে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

রবিবার বিএনপির দপ্তরের সাময়িক দায়িত্ব থাকা দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারকে এই আহ্বান জানানো হয়।

দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। শনিবার সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের চরম উদাসীনতা, অব্যবস্থাপনা, অযোগ্যতা এবং করোনা নিয়ে দুর্নীতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে আরও বলা হয়, পবিত্র রমজান মাস শুরুর পূর্বেই টিসিবি কর্তৃক দ্রব্য মূল্য বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া শতকরা ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী। সরকারের ভ্রান্তনীতি ও ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে ভর্তুকি প্রদানের মাধ্যমে দ্রব্য মূল্য হ্রাস এবং গণ পরিবহনের ভাড়া কমানোর জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত