ফারজানা-সালমার নৈপুণ্যে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০৮:১৩ পিএম

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ইমার্জিং দল।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫৫ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

ফরজানা হক অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। অফ স্পিনার সালমা খাতুন ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। এই দুই তারকার আলোকাড়া দিনে বলতে গেলে পাত্তাই পায়নি প্রোটিয়া মেয়েরা।

ইমার্জিং দল হলেও বাংলাদেশের এই দলটি গড়া হয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে। গত বছর করোনা প্রাদুর্ভাবের পর বাংলাদেশের মেয়েদের কোনো দল আর মাঠে নামেনি। তাই ইমার্জিং দলটা গড়া হয়েছে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মুরশিদা খাতুন ও শামিমা সুলতানা। উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেন এই দুজন। এই ভিতের ওপর দাঁড়িয়ে ফারজানাও দারুণ ব্যাটিং করলেন। তার ম্যাচ জয়ী ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৬ রান।

দক্ষিণ আফ্রিকা মেয়েদের পক্ষে জেন উইনস্টার ৩২ রান খরচায় ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েদের শুরুটা ভালো ছিল। ২০ ওভারে মাত্র ২ উইকেট খরচায় ৬৮ রান তুলে দলটি। কিন্তু এরপর সালমার আঘাতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার। ১৪১ রানে গুটিয়ে যায় অতিথি দলটি।

একই ভেন্যুতে দুই দলের পরের ম্যাচগুলো হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত