সোনারগাঁয়ে হেফাজতের তাণ্ডবের একদিন পর ওসির বদলি

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১০:৩১ এএম

সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের অবরুদ্ধের ঘটনা ও হেফাজতের তাণ্ডবের একদিন পর সোনারগাঁ থানার ওসিকে বদলি করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান সোমবার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন রফিকুল ইসলাম।

গত ৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে সোনারগাঁয়ের বিলাসবহুল রয়েল রিসোর্টে উঠলে স্থানীয়দের হাতে তিনি অবরুদ্ধ হন।

পরে তিনি ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। বিষয়টি ফেসবুক লাইভের মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়লে হেফাজতের নেতাকর্মীরা রয়েল রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

একপর্যায়ে মামুনুলকে তারা উদ্ধার করে নিয়ে যায়। পরে স্থানীয় হেফাজত নেতাকর্মীরা উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের শ্বশুর বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়।

এ সময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। অপরদিকে তারা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অফিসেও হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলা চালানো হয় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনির বাড়িতে।

এ ঘটনায় ৪ এপ্রিল যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের হেফাজতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী।

অভিযোগ দায়েরের সময় তিনি ওসির রুমেই সাংবাদিকদের উদ্দেশ্য করে বক্তব্য দেন। পরে রুমের বাইরে এসে ওসির উপস্থিতিতে আবারও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এক হেফাজত কর্মী ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মুঠোফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন।

এ সময় তারা গণমাধ্যমকর্মীদের বিষোদ্‌গার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান।

এ ঘটনার পর ৪ এপ্রিল রাতে ওসিকে বদলি করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, থানার ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে বদলির কারণে উল্লেখ করা হয়েছে।

এদিকে হেফাজতের তাণ্ডবের পর সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৪ এপ্রিল বিকেল থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল অব্যাহত রেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত