মামুনুল হককে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে আটক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১২:৩৫ পিএম

ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আটক এমাদ আহমেদ ওরফে জয়ের (২৮) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার সুনামগঞ্জের তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। রবিবার বিকেলে পুলিশ তাকে আটক করে।

তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার জানান, পুলিশ বাদী হয়ে আমলযোগ্য অপরাধ নিরোধকল্পে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় এমাদ আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমাদ আহমেদ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে এক নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর গত শনিবার রাতে তাকে নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এমাদ আহমেদ।

পরদিন সকালে বিষয়টি নিয়ে হেফাজতসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। এসব সংগঠনের নেতারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এমাদ আহমেদকে আটক করে।

স্থানীয় ব্যক্তিরা জানান, কথিত এক নারীর ছবির সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে এমাদ আহমেদ তার নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন।

এ নিয়ে স্থানীয় আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত