সেঞ্চুরির পাশাপাশি এক ম্যাচে ৫ উইকেট নিতে চান সাকিব

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০১:৫৪ পিএম

এবারের আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নেয়ার কীর্তি গড়তে চান সাকিব আল হাসান। ক্রিকইনফোকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে সোমবার সাকিব এই ইচ্ছার কথা বলেছেন।

আইপিএলে কোন রেকর্ডটি ভাঙতে চান, প্রশ্নকর্তার এমন প্রশ্নে সাকিব বলেন, ‘একই ম্যাচে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নিতে চাই।’

আইপিএলে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন? জানতে চাইলে সাকিব মুম্বাই ইন্ডিয়ান্সের নাম বলেন।

কলকাতা নাইট নাইট রাইডার্সের শক্তির কথা উল্লেখ করতে গিয়ে সাকিব বলেন, ‘তিন ডিপার্টমেন্টই ভালোভাবে সাজিয়েছি আমরা। তবে আমাদের বোলিং বিভাগ এ বছর শিরোপা জেতাতে পারে।’

সাকিবের মতে, ২০১৪ মৌসুমে ২২৭ রান ও ১১ উইকেটই আইপিএলে তার সেরা পারফর্ম্যান্স।

টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আপনার ব্যাপারে মানুষের ভুল ধারণা কোনটি?

এমন প্রশ্নের জবাবে স্বভাবসুলভ ভঙ্গিতে সাকিব বলেন, ‘মানুষ তো অনেক কিছুই বলে। তবে আমি সেসব নিয়ে ভাবি না। তাই বলতে পারছি না।’

সাকিব জানান তিনি জোফরা আর্চারকে খেলতে মুখিয়ে রয়েছেন। কিন্তু তিনি ইনজুরিতে থাকায় প্যাট কামিন্সকে খেলতে চান। মজার ব্যাপার হলো কামিন্স আবার তার সতীর্থ। তাই সাকিব বললেন, ‘তাকে নেটে খেলতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত