ফেনীর সোনাগাজীতে ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে মন্তব্য দেওয়ায় নূরুল আফছার (২৬) নামে এক যুবককে পুলিশে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন।
আটক নূরুল আফছার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের পন্ডিত বাড়ির সিরাজুল হকের ছেলে এবং জনতা ব্যাংক বখতারমুন্সি শাখার অফিস সহায়ক (পিয়ন)।
মো. ফারুক হোসেন জানান, ২৬ মার্চ ‘এ কে ইমন যুক্তরাজ্য বিএনপি’ নামে একটি ফেইসবুক পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসে নূরুল আফছার তার ফেইসবুক আইডি থেকে মন্তব্য করেন।
বিষয়টি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেনের নজরে এলে সোমবার রাত ৮টার দিকে তাকে সোনাগাজী মডেল থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ফারুক হোসেন নিজেই বাদী হয়ে নূরুল আফছারকে আসামি করে সোনাগাজী মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
