নিউমার্কেটে বিক্ষোভে ভাঙচুরের ঘটনায় দুই মামলা, আসামি ৩ হাজারের বেশি

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১১:৪৯ পিএম

রাজধানীর নিউমার্কেটে দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় তিন হাজারের বেশি অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউমার্কেট ও এর আশপাশের এলাকার দোকানপাট লকডাউনের সময় খোলা রাখার দাবিতে  রবিবার মানববন্ধনের আয়োজন করে নিউমার্কেট দোকান মালিক সমিতি। পরে তা বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। প্রায় দুই ঘণ্টা বিক্ষুব্ধরা নিউমার্কেটের সামনের রাস্তা অবরোধ করে রাখে।

সহকারী কমিশনার আবুল হাসান বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নিউমার্কেট ৪ নম্বর গেটে ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে একটি এবং একজন আইনজীবী বাদী হয়ে আরেকটি মামলা করেন।

পুলিশের করা মামলায় আড়াই থেকে তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে এবং অপর মামলায় ৫০০-৬০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কোনো নিরীহ ব্যবসায়ী ও দোকান কর্মচারী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত