টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে এলেঙ্গা পৌর এলাকার বাঁশি গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কালিহাতী উপজেলার বাঁশি গ্রামের চাঁন মিয়া। এ ঘটনায় কালিহাতী থানায় স্বজনরা একটি সাধারণ ডায়েরি করেন। পরে পরিবারের লোকজন চাঁন মিয়ার স্ত্রী রাজিয়া বেগমকে সন্দেহ করেন।
একপর্যায়ে পরকীয়া প্রেমিক স্থানীয় হালিমের সহযোগিতায় স্বামীকে হত্যার কথা স্বীকার করেন তিনি। হত্যার পর মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে বলেও জানান। খবর পেয়ে পুলিশ পরকীয়া প্রেমিক হালিম ও স্ত্রী রাজিয়া বেগমকে গ্রেপ্তার করে।
এ সময় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কালিহাতী থানার ওসি (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে চাঁন মিয়ার নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাজিয়া বেগম ও পরকীয়া প্রেমিক হালিমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
