করোনা: টোকিও অলিম্পিক থেকে সরে গেল উত্তর কোরিয়া

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:২৬ পিএম

উত্তর কোরিয়া জানিয়ে দিল, এ বছরের টোকিও অলিম্পিকসে অংশ নিচ্ছে না তারা। খেলোয়াড়দের কভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে এ সিদ্ধান্ত।

বিবিসি এক প্রতিবেদনে বলছে, এর মাধ্যমে করোনা পরিস্থিতিতে ২০২০ সালের বিলম্বিত এ আয়োজনে উল্লেখযোগ্য কোনো দেশ সরে আসার ঘোষণা দিল। ২৩ জুলাই অলিম্পিকস শুরুর কথা রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলছে, ২৫ মার্চ অলিম্পিক কমিটির বৈঠকের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে পিয়ংইয়ং বরাবরই বলে আসছে, তাদের দেশে কোনো সংক্রমণের ঘটনা নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমনটা অস্বাভাবিক।

দেশটির দাবি গত বছর সংক্রমণ শুরু হলে তারা কঠোর ব্যবস্থা নেয়। জানুয়ারিতে শেষ নাগাদ সীমান্ত বন্ধ করে দেওয়া হয় ও পরবর্তীতে কয়েকশ’ বিদেশিকে কোয়োরেন্টাইনে রাখা হয়। গত বছর থেকেই সীমান্ত পেরিয়ে ট্রেন ও ওয়াগন প্রবেশ-বাহির বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানও।

অলিম্পিক নিয়ে সিদ্ধান্তের কারণে খেলাকে কেন্দ্র করে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনার আশাও আপাতত নিভে গেল।

২০১৮ সালে শীতকালীন অলিম্পিকসে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সিরিজ আলোচনা শুরু হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন আশা করেছিলেন, দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়নে খেলা অনুঘটক হিসেবে কাজ করবে।

১৯৫৩ সালে শেষ হওয়া কোরিয়ান যুদ্ধের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি হয়নি।

ইতিমধ্যে জাপানি ওয়াটার পোলো টিমের ক্যাম্পে করোনা ছড়িয়ে পড়ায় একটি প্রস্তুতিমূলক আয়োজন বাতিল করা হয়েছে। এ ছাড়া সংক্রমণের পরবর্তী ঢেউ নিয়ে দেশটিতে উদ্বেগ বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত