জমজ ছেলের মেডিকেলে পড়ার খরচ নিয়ে উদ্বিগ্ন অটোচালক বাবা

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:৪০ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অটোরিকশা চালকের যমজ ছেলে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

তারা হলেন- মনোহরগঞ্জ উপজেলার  মানরা গ্রামের অটোরিকশা চালক বিল্লাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম।

যমজ দুই ভাইয়ের এমন সফলতায় বিল্লালের পরিবার প্রতিবেশী ও উপজেলাজুড়ে এক রকম খুশির জোয়ার বইছে। দুই ভাইকে দেখতে আসছেন আশপাশের গ্রামের মানুষজন। কিন্তু তাদের পড়ালেখার খরচ জোগানো নিয়ে উদ্বিগ্ন দেখা দিয়েছে বাবা-মায়ের মনে।

২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন আরিফুল ও শরিফুল।

এরপর এলাকাবাসীর সহযোগিতায় ভর্তি হন কুমিল্লা সরকারি সিটি কলেজে। সেখান থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পান।

ছেলেদের এমন সফলতায় মা-বাবা ভীষণ খুশি। বাকি দুই ভাই-বোনের মধ্যে সাইফুল ইসলাম মাদ্রাসায় এবং আমেনা আক্তার প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। অটোরিকশা চালক বিল্লাল হোসেন তার আয় দিয়ে চার সন্তানের লেখাপড়ার খরচ সংসার চালাতেন।

আরিফ ও শরিফ জানান, আরিফ সারা দেশে মেধাতালিকায় ৮২২ তম হয়ে ময়মনসিংহ মেডিকেলে আর শরিফ ১১৮৬তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

তারা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান। বাবার পরিশ্রম, মায়ের যত্ন আর শিক্ষকদের সহযোগিতা তাদের লেখাপড়ার সাহস যুগিয়েছে। তারা সকলের দোয়া প্রার্থী।

বাবা বিল্লাল হোসেন বলেন, নিজে এইচএসসি পাস করেছি। সিএনজি অটোরিকশা চালাই। অর্থাভাবে লেখাপড়া হয়নি। সেজন্য নিজে কষ্ট করেও ছেলেমেয়েদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তবে ছেলেদের পড়ার খরচ নিয়ে তিনি উদ্বিগ্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত