সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় কাউন্সিলর ইকবাল হোসেন আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০১:৪০ এএম

সিদ্ধিরগঞ্জ থানায় করা নাশকতা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা ইকবাল হোসেনকে (৪২) আটক করেছে র‌্যাব-১১। গতকাল বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, গত মঙ্গলবার রাত ১টার দিকে তাকে আটক করা হয়।

ইকবাল হোসেন মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ির মৃত ইদ্রিছ আলীর ছেলে। তিনি নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৮ মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দিন সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল মোড় এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারি কাজে বাধা সৃষ্টি করা হয়।

ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক ছয়টি মামলা করা হয়। কাউন্সিলর ইকবাল ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত