হবিগঞ্জে কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্টে আগুন: তদন্তে ৪ সদস্যের কমিটি

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০২:৪২ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভরগাওয়ে কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্টে (সিএফসি) অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠিত হয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডের কোম্পানি সচিব প্রকৌশলী ফারুক হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১১টায় এ আগুনের সূত্রপাত হয়। হঠাৎ বিকট শব্দ করে আগুন ছড়িয়ে পড়ে। প্ল্যান্টের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ৯৯৯ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। ৬টি ইউনিট একযোগে চেষ্টা চলিয়ে রাত দেড়টার  দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যায়নি।

বিশ্বস্ত সূত্র জানায়, সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা আগুন লাগার কারণ সম্পর্কে খোঁজ নিতে মাঠে নেমেছে। বৃহস্পতিবার দুপুরে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা প্লান্টের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন। 

 প্লান্টের কর্মকর্তা রওনকুল ইসলাম জানান, তেল পরিশোধের পর এর তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে বাইরে ফেলা হয়।

তিনি ধারণা করছেন প্লান্টের বাইরে ড্রেনে যে কোনোভাবে তরল বর্জ্যে আগুন লাগার পর তা ভেতরে পৌঁছে। সতর্কতার কারণে সংরক্ষিত তেলের কনটেইনারে আগুন লাগেনি। ব্যস্ততার কারণে তিনি বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন। 

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মো.  রফি জানান, রশিদপুর কনডেনসেট ফ্্রাকশনেশনে ৪ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। পরিশোধনের বর্জ্য একটি চৌবাচ্চায় জমা হয়। তরল বর্জ্য ৩টি ড্রেনের মাধ্যমে বাইরে ফেলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার দিন রাতে অজ্ঞাতবশত ড্রেনে আগুন লেগে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফলে ড্রেনের ভেতর ও বাইরে পুরোটাতেই আগুন ধরে যায়। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা প্ল্যান্ট কর্তৃপক্ষ সঠিক জানাতে পারবেন।

বৃহস্পতিবার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান।

তিনি জানান, অগ্নিকাণ্ডে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে হয়তো ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

উল্লেখ্য, এ প্ল্যান্টে নবীগঞ্জ উপজেলার  বিবিয়ানা গ্যাসকূপ থেকে কনডেনসেট পরিশোধন করে প্রতিদিন ৪ হাজার ব্যারেল পেট্রল ডিজেল ও কেরোসিন উৎপাদন হয়ে থাকে।

প্লান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম জানান, বিএসটিআই রিকোয়ারমেন্টের কারণে গত ১ অক্টোবর থেকে তেল উৎপাদন বন্ধ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত