আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। আর এ জন্য ক্ষেত্র বিশেষে সংক্রমণের মাত্রা বাড়িয়ে যাচ্ছে।
বিএনপির মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে মন্তব্য করে তিনি বলেন, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। তাদের এখন রাজনৈতিক আইসোলেশন দরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব বলেন ওবায়দুল কাদের।
করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে প্রকারান্তরে বিএনপির বক্তব্যে প্রমাণ করে তাদের লেজেগোবরে দশা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ মনে করে বিএনপির মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে।
করোনা মহামারীর এ সময়ে বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার হটানোর নামে ধান ভানতে শীবের গীত গাইছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায়, কর্মহীন, খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সতর্ক করছে তখন বিএনপি তাদের উগ্র সাম্প্রদায়িক মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে ও দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে।
এদেশে অগ্নি সন্ত্রাসের জনক বিএনপি, আর এ সন্ত্রাসের আগুনে একসময় নিজেদের ঘরও পুড়বে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের ওপর ভর করছে। বিএনপির অপরাজনীতি ব্যুমেরাং হতে বাধ্য।
তিনি বলেন, করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। তারা একবার বলে লকডাউন দিতে হবে, আবার বলে লকডাউন দিলে মানুষ খাবে কী? বিএনপির এমন দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। আর এ জন্যই ক্ষেত্র বিশেষে সংক্রমণের মাত্রা বাড়িয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, বিএনপি সরকারকে সরাতে ছাত্র ও শ্রমিকদের ঐক্যের কথা বলছেন, কিন্তু তারা ছাত্র-শ্রমিকদের কোনো সাড়া পাচ্ছে না এবং জনগণেরও কোনো আস্থা পাচ্ছে না।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা সড়ক জোনের অধীনে ঢাকা- আরিচা মহাসড়কের আমিনবাজারে আট লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
এ সময় ওবায়দুল কাদের বক্তব্যে বলেন ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় আমিনবাজার সেতুটিও এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, আট লেন সেতু ছাড়াও সেতুর দু'প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
মন্ত্রী জানান, সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় দুই শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে দুই শ তেত্রিশ মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন মানছে না। আবার কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরে পরিবহন চালাচ্ছে , এ অবস্থায় সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে।
