সাতক্ষীরার কালিগঞ্জে এক শিক্ষার্থীকে বলাৎকার এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হাফেজ আনোয়ারুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হাফেজ আনোয়ারুল ইসলাম (৩৩) কালিগঞ্জ উপজেলার কালিকাপুর মোড়লপাড়া গ্রামের মৃত আবদুল জব্বার মোড়লের ছেলে ও কালিগঞ্জ কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।
পুলিশ জানায়, গত ৩/৪ দিন আগে মাদ্রাসা শিক্ষক আনোয়ারুল ইসলামের ওই মাদ্রাসার ১৬ বছরের এক শিশুকে বলাৎকারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি গোচর হয়।
এরপর পুলিশ সুপারে নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে।
এ বিষয়ে সত্যতা পাওয়ার পর ওই মাদ্রাসা শিক্ষককে তার মাদ্রাসার শয়ন কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মোবাইল ফোনে এই শিশুসহ আরও কয়েকজন শিশুর সঙ্গে বলাৎকারের স্থির চিত্র পাওয়া গেছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
