হত্যা মামলার সাক্ষী স্বামী-স্ত্রীর লাশ মিলল খালে

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০৩:০৭ পিএম

মাদারীপুরের কালকিনিতে অপহরণের পাঁচ দিন পরে একটি হত্যা মামলার সাক্ষী স্বামী ও স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে কালকিনি উপজেলার রাজারচর এলাকার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোয়াজ্জেম সরদার (৫৫) ও তার স্ত্রী মাকসুদা বেগম (৫০) কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন আগে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগমকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়।

রাতের খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য পরিবারের সদস্যরা যে যার শয়ন কক্ষে চলে যায়। কিন্তু সকালে নিহতের মেয়ে ঘরের দরজা খোলা দেখে ঘরে গিয়ে বাবা-মা কাউকে দেখতে পায়নি।

কোথাও তাদের সন্ধান না পেয়ে এই ঘটনায় কালকিনি থানায় একটি অপহরণ মামলা করা হয়।

পরিবারের দাবি, তাদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

জানা গেছে, নিহত মোয়াজ্জেম ও তার স্ত্রী একটি হত‍্যা মামলার সাক্ষী ছিলেন।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, অপহরণের ঘটনায়  থানায় মামলা হয়েছিল। জড়িত চক্রকে ধরার জন্য অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত