নেত্রকোনার আটপাড়া উপজেলায় ৮৩ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সামছুদ্দিন। পরিবারের দাবি, পেট ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরে বাঁশের আড়ার সঙ্গে ঝুলে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা আটপাড়া উপজেলায় সুখারী ইউনিয়নের সুখারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিলউদ্দিন খোকন তালুকদার ও পুলিশ সূত্রে জানা যায়, সামছুদ্দিনের নাতি ফারিয়া আক্তার (১১) প্রতিদিনের মতো সকালে দাদার ঘরে নাশতা দিয়ে আসে। এরপর সাড়ে ৯টার দিকে সে ঘরে ঢুকে দেখে দাদা বিছানার পার্শ্ববর্তী বাঁশে আড়ার সঙ্গে ঝুলে আছেন। ফারিয়ার চিৎকারে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসআই মেজবাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো এবং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি আরও জানান, সামছুদ্দিন দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক ও আলসার রোগে ভুগছিলেন। এ কারণে মানসিভাবে বিপর্যস্ত ছিলেন। ব্যথার যন্ত্রণা সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
