রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেপ্তার

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০২:০৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং স্থানীয় মতূর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেয়া এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা করার অপরাধে গতকাল শনিবার রাতে তাকে মতূর্জাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং দাঙ্গা হাঙ্গামা হতে পারে এ ধরনের উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন।

এ ছাড়া গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক রাহাজানিতে অংশগ্রহণ করে বলে পুলিশ নিশ্চিত হয়। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১১টার দিকে ওসির নেতৃত্বে একদল পুলিশ মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার খতিবকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত