‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হলেও ১৪ এপ্রিল থেকে শিল্প ও কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
রবিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম এহসান।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ১৪ এপ্রিল থেকে সম্পূর্ণ লকডাউন গেলেও শিল্প-কারখানা চলবে বলে কেবিনেট সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে। এ সময় ব্যাংক বন্ধ থাকবে।
রবিবার দুপুর ৩টায় অনলাইনে এ বৈঠক হয়।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে অংশ নেয়া বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম বলেন, এ সময়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালাতে বলা হয়েছে। যেসব শ্রমিক কারখানা থেকে দূরে বসবাস করেন তাদের কারখানার নিজস্ব পরিবহন ব্যবস্থায় আনা-নেয়া করতে হবে। কোনো শ্রমিক অসুস্থ হলে তার চিকিৎসাসহ সব কিছু কারখানা মালিক দেখবেন। ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএর নিজস্ব পিসিআর ল্যাবে নিয়মিত সন্দেহভাজন শ্রমিকের করোনা পরীক্ষা করা হবে। নির্মাণকাজও লকডাউনের আওতা মুক্ত থাকবে।
