৪৮৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ টাকা করে অর্থ বরাদ্দ

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০২:০৮ এএম

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে আপদকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের ৪৮৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ টাকা করে অর্থ বরাদ্দ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের সচিবালয় অংশের সঙ্গনিরোধক ব্যয় খাত থেকে করোনার আপদকালীন সময়ে ঢাকাসহ দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪৮৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে ৩ লাখ টাকা করে মোট ১৪ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ টাকা কভিড-১৯ আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনায় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি (লজিস্টিক সাপোর্ট), করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তিকৃত রোগীদের পথ্য, ওষুধসামগ্রী, গজ, ব্যান্ডেজ ও তুলা, কেমিক্যাল-রি-এজেন্ট (এক্সরে ফিল্ম, ইসিজি পেপারসহ), অক্সিজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ ও ক্রয়সহ ইত্যাদি কাজে ব্যবহৃত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত