রাজধানীর নিউ মার্কেট এলাকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের একটি আবাসিক ভবন থেকে লাইলি আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ১/১-এইচ নম্বর বাসার চতুর্থ তলায় হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা ফারজানা ইসলামের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। সুরতহালের প্রতিবেদন ও পুলিশের ভাষ্যমতে, লাইলির শরীরের বিভিন্ন অংশে আঘাত, থেঁতলানো জখম ও ঝলসানোর দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে।
লাইলির মা শ্যামলা বেগম জানান, আট মাস আগে একই গ্রামের ফারজানা ইসলামের এক ফুপুর মাধ্যমে ওই বাসায় কাজের জন্য দেওয়া হয় লাইলিকে। সবশেষ দুই সপ্তাহ আগে লাইলির সঙ্গে কথা হয় তার। তবে লাইলি যখনই তার সঙ্গে কথা বলত তখন পাশে দাঁড়িয়ে থাকতেন ফারজানা। দু-তিন মিনিটের বেশি কথা বলতে দিতেন না তাকে। এজন্য তার ওপর যেসব নির্যাতন করা হতো সেগুলোর কিছুই বলার সুযোগ পেত না সে। দুই মাস আগে লাইলিকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে গেলেও তার সঙ্গে লাইলির দেখা করতে দেননি ফারজানা।
নিউ মার্কেট থানার এসআই আতিকুল বিশ্বাস মুকুল জানান, এ ঘটনায় নিহত লাইলির মা থানায় একটি মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাইলির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
