ভার্চুয়াল বেঞ্চ বাড়াতে প্রধান বিচারপতিকে আইনজীবীদের চিঠি

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০২:১১ এএম

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা বাড়ানো ও অধস্তন আদালতে জামিন শুনানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী। গতকাল রবিবার দুপুরে সুপ্রিম কোর্টে ‘সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ বিষয়ে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেওয়া হয়। মানববন্ধনে আইনজীবীরা বলেন, করোনার পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে উচ্চ আদালতে ভার্চুয়াল ও নিয়মিত দুই ধরনের আদালত চলছে। ৩৫টি ভার্চুয়াল বেঞ্চে বিচারকাজ পরিচালিত হচ্ছিল। কিন্তু সম্প্রতি মাত্র চারটি ভার্চুয়াল বেঞ্চকে বিচারকাজ পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু এর বেশি ভার্চুয়াল বেঞ্চ পরিচালনার মতো সক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে, তাই বিচারপ্রার্থী জনগণের কথা চিন্তা করে বেঞ্চ বাড়াতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী বলেন, ‘সম্প্রতি প্রধান বিচারপতি নিজেই বলেছেন যে সাংবিধানিক আদালত বন্ধ থাকতে পারে না। এখন আদালতের কার্যক্রম বন্ধ থাকলে বিচারপ্রার্থীরা যাবেন কোথায়?’ তিনি জানান, গতকাল দুপুরে প্রধান বিচারপতির দপ্তরে দায়িত্বরতদের হাতে এ চিঠি পৌঁছে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত