দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
সোমবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়ে মুমিনুল হকের দল।
এই সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। প্রাথমিক দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ ৪১ জনের বহর নিয়ে দ্বিপ দেশটিতে পাড়ি দিল বাংলাদেশ।
কলম্বো পৌঁছে নিগোম্বোতে যাবে পুরো দল। নিয়ম অনুযায়ী তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। কোয়ারেন্টাইন শেষে ১৫ ও ১৬ এপ্রিল সীমিত পরিসরে মাঠের অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বে খেলোয়াড়রা।
১৭ এপ্রিল থেকে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মুমিনুল-তামিমরা। প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ এখনো যাতে পয়েন্টের মুখ দেখেনি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ হয়ে গেছে এরই মধ্যে। এই সিরিজের ফল তাই খুব বেশি পরিবর্তন আনবে না পয়েন্ট টেবিলে।
