এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে চলছে পুকুর ভরাট

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১১:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এলাকাবাসীর আপত্তি উপক্ষো করে একটি পুকুর ভরাট করা হচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ৬ এপ্রিল পৌর কাউন্সিলরসহ স্থানীয় ১৮ বিশিষ্ট ব্যক্তি পরিবেশ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু তারপরও বন্ধ হয়নি পুকুর ভরাট। পৌর শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় পুকুর ভরাটের ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগে বলা হয়, দক্ষিণ পৈরতলা এলাকার মুজিব মিয়াসহ তার আট ভাই পুকুর ভরাটে জড়িত। এলাকার বাসিন্দা আনোয়ারুল হক, কাউন্সিলর ওমর ফারুক জীবনসহ স্থানীয় প্রায় ২০ জন যৌথভাবে ওই পুকুরের মালিক। পুকুরটি তাদের ভোগ দখলে রয়েছে। শত বছর ধরে মাছ চাষসহ নানা প্রয়োজনে পুকুরটি ব্যবহার করে আসছেন এলাকার মানুষ। কিন্তু গ্রামের প্রভাবশালী মুজিব মিয়াসহ তার আট ভাই গত ১ এপ্রিল ওই পুকুর ভরাট করতে শুরু করেন। ভরাট করতে নিষেধ করলে তারা উল্টো প্রাণনাশের হুমকি ও ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেন পুকুরের অন্য মালিকরা। স্থানীয় পৌর কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগ নেতা ওমর ফারুক জীবন বলেন, মুজিব মিয়াকে পুকুর ভরাট করতে নিষেধ করলেও তিনি আমাকে পাত্তা দেননি।

অভিযুক্ত মুজিব মিয়া বলেন, আমার চাচা ইকবাল হোসেন ও আমি দুই শতক করে চার শতক জায়গা কিনেছি। এটা ১৯৫৬ সাল থেকেই নাল জায়গা। আমরা পুকুরের জায়গা ভরাট করছি তা কেউ প্রমাণ করতে পারলে আমি ভরাট বন্ধ করে দেব।

তবে পুকুর মালিকদের একজন জিয়াউল হক বলেন, পুকুরের উত্তর পাশের শেষ সীমানায় পৌরসভার রাস্তার রিটেইনিং ওয়াল রয়েছে। এর ভেতরেই মাটি ফেলে ভরাট করা হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল আমিন বলেন, পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলেন। আমরা উভয়পক্ষকে ডেকেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত