রাজধানীর নির্জন স্থানে ওত পেতে থাকা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৮:৪১ পিএম

রাজধানীর ওয়ারী ও বংশাল থানা এলাকায় দিনদুপুরে ওত পেতে ডাকাতি করা চক্রের ৬ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন ব্যাপারী (৪০), হেলাল (৩৪), মফিজুল ইসলাম সুমন (৩৮), আবু আসরারুল ইমান ওরফে আশু (৩৮), আসিফ চৌধুরী (৪৮) ও ইয়ার মোহাম্মদ (৫২)।

সোমবার বিকেলে ওয়ারী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ, তিনটি ছুরি একটি চাপাতি ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে।

ডিবি ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আবু আশরাফ সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, ওয়ারী থানার ভগবতী ব্যানার্জি রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে নয়া বাজার, তাঁতি বাজার এলাকার ব্যবসায়ীদের টার্গেট করে নির্জন স্থানে আসলে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, আদালত গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

ডিবির এক কর্মকর্তা বলেন গ্রেপ্তারের সময় চক্রের দুজন পালিয়ে গেছে। তারা হলেন- সোহেল ও রাকিব। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত