ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ছাত্র আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আকতার হোসেন নুরুল হক নুরের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে ডাকসুর সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেপ্তার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ শাহবাগ থানায় মামলা করেছিল। ওই মামলায় ১ নম্বর আসামি করা হয় আকতার হোসেনকে।
