কোহলির রাজত্ব কেড়ে নিয়ে সিংহাসনে বসলেন বাবর

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০৩:০৭ পিএম

দীর্ঘদিনের রাজত্ব হারালেন বিরাট কোহলি। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়া অধিনায়ককে সরিয়ে সিংহাসন দখল করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

সাপ্তাহিক আপডেট হিসেবে বুধবার ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ৮৬৫ রেটিং নিয়ে বিশ্বসেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে এক নম্বর এখন বাবর। দুইয়ে নেমে যাওয়া কোহলির রেটিং ৮৫৭। সেই সঙ্গে পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন বাবর। 

২৬ বছর বয়সী বাবর সেঞ্চুরিয়নে বিশ্বকাপ সুপার লিগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৮২ বলে ৯৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে পান ১৩ পয়েন্ট। তার এই ইনিংস এগিয়ে দেয় কোহলির থেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৩৭ রেটিং নিয়ে সিরিজ শুরু করেছিলেন তিনি। প্রথম ম্যাচে ১০৩ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৩২ রান করেন তিনি। 

এই সিরিজ শেষের পরপরই কোহলির ১২৫৮ দিনের রাজত্বের ইতি টেনে দিলেন বাবর। স্বদেশি জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) ও মোহাম্মদ ইউসূফের (২০০৩) পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি। এ ছাড়া টেস্টে ৬ ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন বাবর।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের আরেক ব্যাটসম্যান ফখর জামানের। পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠেছেন এই বাঁহাতি তারকা। পাকিস্তানি বোলারদের মধ্যে উন্নতি হয়েছে শাহিন আফ্রিদি ও বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের। দক্ষিণ আফ্রিকার মধ্যে অলরাউন্ডার আন্দিলে ফেহলুকায়ো ১১ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠেছেন এবং ২ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে বসেছেন টেম্বা বাভুমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত