বিরূপ সমালোচনা করলে মনোবল ভেঙে যাবে: স্বাস্থ্যের ডিজি

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০৩:২১ পিএম

দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করায় গণমাধ্যম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কিছু কিছু পত্রপত্রিকা আমাদের এমনভাবে সমালোচনা করছেন যেটা আমাদের মনোবল ভেঙে দিচ্ছে।’

খুরশিদ আলম বলেন, ‘আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, আমাদের পথ দেখাবেন, আমরা আমাদের শুদ্ধ করবো। বিরূপ সমালোচনা করলে আমাদের মনোবল ভেঙে যাবে।’

স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা বলেন, চিকিৎসাকর্মীরা মানসিক চাপের মধ্যে আছেন। তাদের অনেকই মানসিক বৈকল্যে ভুগছেন। সেজন্য চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্টরা সমবেদনা আশা করতে পারেন।

দেশে কভিড চিকিৎসা এবং ব্যবস্থাপনা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে সমালোচনা করছেন, তাতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একদিনও রোগীর পাশে দাঁড়াননি।

তিনি প্রশ্ন তোলেন, বিশেষজ্ঞরা যখন সরকারি দায়িত্বে ছিলেন, তখন তারা কী করেছিলেন?

খুরশিদ আলম বলেন, ‘তারা এখন টেলিভিশনে বসে টকশোতে লম্বা লম্বা কথা বলেন। আমাদের হাসপাতালে চলুন, হাসপাতালে রোগীর পাশে দাঁড়ান।’

‘সেটা না করে ও নিরাপদ বাক্সের মধ্যে বসে এই টেলিভিশন থেকে ওই টেলিভিশনে গিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। টেলিভিশনের নিরাপদ বাক্সে না থেকে বেরিয়ে আসুন’ যোগ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দাবি, কভিড রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য গত এক বছরে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলেও সেটির কোনো কৃতিত্ব দেওয়া হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত