জনমানুষের নেতা হিসেবে মতিন খসরু বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১১:৪০ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন বিজ্ঞ আইনজীবী ও জনমানুষের নেতা হিসেবে মতিন খসরু চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

বুধবার এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, দেশের আইন ও বিচার ব্যবস্থার উত্তরণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শেখ হাসিনা বলেন, আমরা একজন জননেতা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে হারালাম যিনি জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলায় আইনজ্ঞ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দক্ষতার সাথে কাজ করেছেন।

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

মতিন খসরু ১৯৯৬-২০০১ সালে আইনমন্ত্রী থাকার সময় ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের পথ খোলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত