কোম্পানীগঞ্জে আবারো আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০৭:০২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত আটজন আহত হয়েছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে থানার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জা ও আওয়ামী লীগ নেতা আরমান চৌধুরীসহ আটজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা আবদুল কাদের মির্জার ফেইসবুক আইডি থেকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় আওয়ামী লীগের একপক্ষ মেয়র মির্জাবিরোধী স্লোগান দিতে থাকে। তারা একটি মিছিল নিয়ে বসুরহাট পৌরসভা শহীদ মিনার গেট দিয়ে পৌরসভায় ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা উপজেলা গেটে চলে যায়। কিছুক্ষণ পর মেয়র মির্জার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে তাদের অনুসারীরা থানার সামনে গেলে উভয়পক্ষের সমর্থকরা একে-অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে তাশিক মির্জা ও আরমান চৌধুরীসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।  

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, উভয়পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত