যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে মারার ঘটনায় কিম্বারলি পটার (৪৮) নামে এক নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কিম্বারলি তার পদ থেকে পদত্যাগ করার পরদিন গত বুধবার তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার নরহত্যার এ অভিযোগ আনা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মিনেসোটার ব্যুরো অব ক্রিমিনাল আপ্রেহেনসন (বিসিএ) বুধবার সকালে পটারকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। দ্বিতীয় মাত্রার নরহত্যার অভিযোগে তাকে হেনেপিন কাউন্টি কারাগারে রাখা হয়। তবে কারাগারের রেকর্ড অনুযায়ী, সেদিনই কয়েক ঘণ্টা পর ১ লাখ ডলার জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, পটার দুর্ঘটনাবশত তার টেইজারের বদলে ভুল করে পিস্তল দিয়ে ২০ বছরের তরুণ ডন্টি রাইটকে গুলি করে বসেন।
×
