চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলা ক্যারিবীয় বোলারের আকুতি

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০১:১৪ এএম

গত বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছেন কেসরিক উইলিয়ামস। এর আগে খেলেছেন রাজশাহী কিংসে। উইন্ডিজের এই পেসার দুই মৌসুমেই বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছেন। তাই নিজের বিপদের দিনে বাংলাদেশের কাছেই সাহায্য চাইলেন।

গত ৯ এপ্রিল লা সোফখিয়েহ আগ্নেয়গিরিতে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়। এতে দ্বীপটি একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাবার পানির অভাব, ফসল নষ্টের সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছে সালফারের গন্ধ। বিজ্ঞানীরা জানিয়েছেন আরও কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। এই দ্বীপেই বেড়ে উঠেছেন ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামস। উইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে সেন্ট ভিনসেন্টের হয়ে খেলা উইলিয়ামস এমন অবস্থায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সাহায্য চাইলেন। এক ভিডিও বার্তায় উইলিয়ামস জানান, ‘আমি আপনাদেরই কেসরিক উইলিয়ামস। আশা করি এতক্ষণে বিশ্ব জেনে গিয়েছে যে আমাদের দ্বীপে এক অগ্ন্যুৎপাত ঘটেছে যা সবকিছু তছনছ করে দিয়েছে। বর্তমানে দেশে পরিষ্কার পানির অভাব। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা (সাহায্যের) করছি, তবে আমি একা খুবই অল্প করতে পারব। আমি বাংলাদেশিদের অনুরোধ করছি, আপনি যদি আমাদের সাহায্য করতে চান তাহলে দয়া করে সাঈদের সঙ্গে যোগাযোগ করুন। তিনি নিজেও আমাকে সাহায্য করছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত