করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে : তাজুল

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০২:১৭ এএম

করোনা মোকাবিলা ও উন্নয়ন কাজ চলমান রাখতে স্থানীয় সরকার বিভাগের অধীন সব প্রতিষ্ঠানের জন্য ‘করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন’ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সব সিটি করপোরেশনের মেয়র এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এরকম আভাস দিয়েছেন। তাই স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সিটি করপোরেশন, এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ সব প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড চলমান রাখতে একটি করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন  তৈরির  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত