‘লকডাউনে’ দৌলতদিয়া ঘাট হারিয়েছে তার চিরচেনা রূপ

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৯:৩৩ এএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাট। কঠোর লকডাউনের কারণে ব্যস্ততম এই ঘাটটি হারিয়েছে তার চিরচেনা রূপ।

সরকারি বিধিনিষেধ জারির আগেও প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন নদী পার হয়েছে, সেই ঘাট এখন জনমানব শূন্য ফাঁকা।

ঘাটে নেই কোনো যানবাহন। মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ অপ্রতিরোধ্যভাবে বেড়ে যাওয়ায় সারা দেশে চলছে কঠোর লকডাউন তারই প্রভাব এসে পড়েছে ২১ জেলার মানুষের প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরি ঘাটে।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকাতে গিয়ে দেখা যায় জনমানব শূন্য। ঘাট এলাকাতে নেই কোনো যানবাহন। জরুরি সেবা ছাড়া সব ধরনের সেবা বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহনই নদী পার হচ্ছে না। ঘাটে ফেরিগুলো বসে আছে অলস।

এদিকে ঢাকা-খুলনা মহাসড়কেও নেই কোনো গাড়ি। স্থানীয় লোকাল বাস কিংবা ছোট কোনো গাড়িও চোখে পড়েনি তেমন একটা।

যাত্রীদেরও নেই তেমন আনাগোনা। সড়কে টহল দিতে দেখা গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে ঘাট এলাকা স্থানীয় প্রশাসন ও পুলিশ কঠোর নজরদারিতে রেখেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ  দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন ঘোষণা করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপার করা হচ্ছে।

তবে নির্দেশা অনুয়ায়ী, প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত অতি জরুরি পণ্যবোঝাই ট্রাক ফেরি পারাপার হচ্ছে। রাতের মধ্যে সব পণ্যবোঝাই ট্রাক কাভার্ডভ্যান পার করা হয় আর এই সব কারণে ঘাট এলাকা যানবাহন ও মানবশূন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত