চলমান ‘লকডাউনে’ গত ৬ দিনে নড়াইলে ট্রাফিক পুলিশের অভিযানে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময় কাগজপত্র না থাকায় ৬০টি গাড়ি আটক ও তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
গত ১৪ এপ্রিল থেকে আজ ১৯ এপ্রিল পর্যন্ত অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়।
নড়াইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জাহিদুল ইসলাম জানান, লকডাউন চলাকালে অপ্রয়োজনে গাড়ি নিয়ে চলাচল, হেলমেট, লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকায় শতাধিক যানাহনের মালিকের নামে মামলা দেয়া হয়েছে।
এ সময় কাগজপত্র না থাকার অপরাধে মোটরসাইকেল, আলমসাধুসহ বিভিন্ন ধরনের ৬০টি যানবাহন আটক করা হয়েছে। অভিযানকালে মামলায় বিভিন্ন ধারায় তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
এদিকে সোমবার সকাল থেকে শহরের পুরাতন বাস টার্মিনালে অভিযানকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, ডিবি পুলিশের ওসি সুকান্দ সাহাসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘সড়কে যাতে অবৈধ যানবাহন চলাচল ও কাগজপত্রবিহীন যানবাহন চলাচল না করে সে জন্য অভিযান চলছে। পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ নিয়মনীতি মেনে গাড়ি চালাতে হবে। সড়ক দুর্ঘটনারোধ, অপরাধ নিয়ন্ত্রণসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানসহ পুলিশী তৎপরতা চলমান থাকবে।’
