করোনাভাইরাস মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে টিকা প্রয়োগে মাইলফলক তৈরি হয়েছে। দেশটির বয়স্ক নাগরিকের অর্ধেক অন্তত টিকার একটি ডোজ গ্রহণ করেছে।
এদিকে সোমবার থেকে দেশটির ১৮ বছরের বেশি বয়সীরাও টিকা নেওয়া শুরু করতে পারবে।
বাসস জানায়, যুক্তরাষ্ট্রের এই ইতিবাচক খবর এমন এক সময় এসেছে যখন ইউরোপের কয়েকটি দেশ নিষেধাজ্ঞা শিথিল করছে। এছাড়া অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোয়ারেন্টিনমুক্ত ভ্রমন শুরু করতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) রোববার বলেছে, প্রায় ১৩ কোটি লোক টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছে যা বয়স্ক জনসংখ্যার ৫০.৪ শতাংশ।
এদিকে টিকা প্রয়োগে যুক্তরাষ্ট্র বিশ্বে নেতৃস্থানীয় অবস্থানে থাকলেও সম্প্রতি দেশটিতে প্রতিদিনের সংক্রমণ ধারা ঊর্ধ্বমুখী।
এ প্রেক্ষিতে দেশটির সংক্রমণ বিষয়ক শীর্ষ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, আমেরিকার পরিস্থিতি এখনো অনিশ্চিত।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি লোক মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটির বেশি মানুষ।
