প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও খোলা চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। চিঠিতে তিনি করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন, ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী থেকে বিশেষ এসআরওর (স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার) মাধ্যমে সব ধরনের শুল্ক-কর প্রত্যাহারসহ ১১টি প্রস্তাবনা তুলে ধরেছেন।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে ‘জনস্বার্থে’ প্রধানমন্ত্রীকে দেওয়া ডা. জাফরুল্লাহর খোলা চিঠিটি সরকারপ্রধানের কার্যালয়ে পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তাকে নববর্ষের শুভেচ্ছাও জানান ডা. জাফরুল্লাহ।
চিঠিতে টিকা উৎপাদনে বিনিয়োগ; আইসিইউ পরিচালনার জন্য জরুরিভিত্তিতে প্রশিক্ষণ ব্যবস্থা করা; সব ওষুধের মূল্য এবং রোগ পরীক্ষার চার্জ নির্ধারণ করে দেওয়া; কারাবন্দিদের দ্রুত টিকাকরণ করা এবং খুনের দায়ে ও দুর্নীতির কারণে দণ্ডিত/অভিযুক্ত ছাড়া সবাইকে জামিনে মুক্তি দেওয়া; সরকারি ও বেসরকারি মেডিকেল মেডিকেল কলেজে আসন বাড়ানো এবং পাসের পর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ করা; আগামী বাজেটে সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী সংস্কার, গভীর নলকূপ ও বিদ্যুতায়ন ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল, নার্সিং, ফিজিওথেরাপি ও টেকনিশিয়ানদের জন্য ডরমিটরি ও বাসস্থান নির্মাণ এবং লকডাউন কার্যকর করার জন্য সাধারণ মানুষকে সরাসরি আর্থিক প্রণোদনার পরিবর্তে রেশনের মাধ্যমে খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ করাসহ ১১টি প্রস্তাবনা দেন তিনি।
