‘লকডাউন’ পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবশ্যিকভাবে আইডি কার্ড ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার সকালে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার নিমিত্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহ (সব পর্যায়ে) জনসাধারণের মধ্যে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসক ও নার্সসহ অন্য সব স্বাস্থ্যকর্মীকে লকডাউনের পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা/চিকিৎসা সেবাসহ অন্যান্য কার্যক্রমে জড়িত সব কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র (আইডি কার্ড) আবশ্যিকভাবে ব্যবহার করার জন্য বলা হলো।’
গত ১৪ এপ্রিল সারা দেশে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এক চিকিৎসকের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগ্বিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘দাপ্তরিক কার্যক্রম এবং চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে যাতায়াতের সময় প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শনের পরেও অনেকেই নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণের লক্ষ্যে কর্মস্থলে যাতায়াতে সার্বিক সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
