৮০ শতাংশ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১১:০৯ পিএম

করোনাভাইরাসের মহামারীর কারণে বিশ্বের প্রায় ৮০ শতাংশ দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো দেশটির ভ্রমণবিষয়ক হালনাগাদ গাইডলাইনে বলা হয়েছে, চলমান মহামারী ‘পর্যটকদের জন্য নতুন ঝুঁকি’ হয়ে দাঁড়াচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বের প্রায় ২০০ দেশের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ৩৪টি দেশকে ‘লেভেল-৪ : ডু নট ট্রাভেল’-এর তালিকাভুক্ত করেছে। এর মধ্যে চাদ, কসোভো, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, হাইতি, মোজাম্বিক, রাশিয়া ও তানজানিয়া রয়েছে। নতুন পরামর্শের ফলে এ তালিকায় আরও ১৩০ দেশ অন্তর্ভুক্ত হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কিছু কিছু দেশের ক্ষেত্রে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কথা নতুনভাবে বিবেচনায় না নিয়ে বরং বিদ্যমান মহামারী নিয়ে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অ্যান্ড প্রিভেনশনসের মূল্যায়নের ওপর ভিত্তি করে এটি করা হয়েছে।

কভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে এখন বেশিরভাগ আমেরিকান ইউরোপে খুব বেশি ভ্রমণ করতে পারেন না। ইউরোপের বেশিরভাগ দেশ এবং চীন, ব্রাজিল, ইরান ও দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশের নাগরিক ছাড়া কাউকে আসতে দিচ্ছে না ওয়াশিংটন। কবে নাগাদ এ নিষেধাজ্ঞা শিথিল করা হবে, সে বিষয়ে হোয়াইট হাউজ কিছু বলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত