‘দেশের শ্রেষ্ঠ সন্তানদের অবদান চিরকাল স্মরণ করব এবং তাদের স্বপ্নের দেশ গঠনে আত্মনিয়োগ করব’ এ প্রত্যয়কে ধারণ করে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৫০তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে বীরশ্রেষ্ঠের নিজ গ্রাম মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, বীরশ্রেষ্ঠর বড় বোন জোহরা বেগম, কামারখালী ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে বীরশ্রেষ্ঠর আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন অতিথিরা।
এর আগে সকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বীরশ্রেষ্ঠর বড় বোন জোহরা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদ মাগরিব স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
